সেগমেন্টে প্রথম ইতিহাস! ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে ৫ স্টার পেল নতুন হুন্ডাই ভার্না

ভারতের গাড়ির বাজারে সুরক্ষার দিক থেকে বড়সড় মাইলফলক ছুঁল নতুন হুন্ডাই ভার্না। ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম বা ভারত এনসিএপি (Bharat NCAP)-এর ক্র্যাশ টেস্টে পাঁচ তারা নিরাপত্তা রেটিং অর্জন করেছে এই গাড়ি। এর ফলে সংশ্লিষ্ট সেগমেন্টে সর্বোচ্চ পাঁচ তারা সুরক্ষা রেটিং পাওয়া প্রথম মডেলের তকমা পেল ভার্না। প্রাপ্তবয়স্ক ও শিশু—উভয় যাত্রীদের সুরক্ষায় নজরকাড়া ফল করেছে এই সেডান।
প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষা পরীক্ষায় ৩২-এর মধ্যে ২৮.২২ পয়েন্ট পেয়েছে হুন্ডাই ভার্না। অন্যদিকে শিশুদের সুরক্ষা পরীক্ষায় ৪৯-এর মধ্যে ৪৪ পয়েন্ট সংগ্রহ করেছে গাড়িটি। ক্র্যাশ টেস্টে ভার্নার এইচএক্স ৮ ১.৫ লিটার টার্বো পেট্রোল ডিসিটি এবং ১.৫ লিটার পেট্রোল সিভিটি ভ্যারিয়েন্ট পাঠানো হয়েছিল। তবে এই পাঁচ তারা রেটিং ভার্নার সব ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য।
প্রাপ্তবয়স্কদের সুরক্ষা মূল্যায়নে ফ্রন্টাল অফসেট ক্র্যাশ টেস্টে চালকের মাথা এবং ঘাড়ের ভালো সুরক্ষা দিয়েছে ভার্না। তবে বুক, পায়ের টিবিয়া ও পাতার সুরক্ষা ছিল সন্তোষজনক এবং চালক ও সামনের সহযাত্রীর পেলভিস ও উরুর সুরক্ষা গড়ের নিচে ছিল। সহযাত্রীর মাথা, ঘাড়, বুক এবং বাঁ পায়ের টিবিয়ার সুরক্ষা ভালো ছিল, ডান টিবিয়ার ক্ষেত্রে ছিল সন্তোষজনক। পাশাপাশি সাইড পোল ইমপ্যাক্ট টেস্টে শরীরের সব অংশেই ভালো সুরক্ষা নিশ্চিত করেছে গাড়িটি। সাইড ক্র্যাশ টেস্টে মাথা, পেট ও পেলভিসে ভালো ফল মিললেও বুকের সুরক্ষা সন্তোষজনক ছিল।
শিশুদের সুরক্ষায় ১৮ মাস ও ৩ বছর বয়সী শিশুর ডামি নিয়ে চালানো পরীক্ষায় দারুণ সাফল্য পেয়েছে ভার্না। ফ্রন্টাল ও সাইড ক্র্যাশ টেস্টে পূর্ণ নম্বর পাওয়ার পাশাপাশি ডায়নামিক চাইল্ড প্রোটেকশনে ২৪-এর মধ্যে ২৪ এবং শিশুদের সুরক্ষা সিট ফিট করার পরীক্ষায় ১২-এর মধ্যে ১২ পয়েন্ট অর্জন করেছে এটি।
নিরাপত্তা ফিচারের দিক থেকেও বেশ সমৃদ্ধ নতুন ভার্না। ২০টি ফিচার যুক্ত হুন্ডাই স্মার্ট সেন্স লেভেল ২ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) এর অন্যতম বড় আকর্ষণ। গাড়িতে চালক, যাত্রী, সাইড, কার্টেন এবং সেন্টার সাইড বিভাগে সাতটি এয়ারব্যাগ রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ড্যাশক্যাম, রেইন সেন্সিং ওয়াইপার, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC), হিল স্টার্ট অ্যাসিস্ট, এবিএস (ABS) এবং ইবিডি (EBD)।
এছাড়া চার চাকাতেই ডিস্ক ব্রেক, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো হোল্ড, ব্লাইন্ড স্পট ভিউ মনিটর, সারাউন্ড ভিউ মনিটর, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এবং আইএসওফিক্স (ISOFIX) চাইল্ড সিট অ্যাঙ্কর-এর মতো সুবিধাও রয়েছে এই গাড়িতে।
এই সাফল্য প্রসঙ্গে হুন্ডাই মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তরুণ গর্গ জানান, ভারত এনসিএপি-র পাঁচ তারা রেটিং সংস্থার সুরক্ষা অগ্রাধিকারেরই প্রমাণ। তাঁর মতে, নতুন ভার্না ডিজাইন, প্রযুক্তি, পারফরম্যান্স ও সুরক্ষার এক শক্তিশালী সমন্বয়, যা ভারতীয় গ্রাহকদের আস্থা আরও বাড়াবে।