আমেঠি-রায়বরেলিতেও জোট-জট! কংগ্রেসকে মাত্র ১ আসন ছাড়তে রাজি অখিলেশ, তুঙ্গে ক্ষোভ

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সমাজবাদী পার্টির (সপা) জোটের অন্দরে আসন বণ্টন নিয়ে তীব্র টানাপড়েন শুরু হয়েছে। সাহারানপুরের পর এবার গান্ধী পরিবারের দুই খাসতালুক আমেঠি ও রায়বরেলিকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বড়সড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কংগ্রেস ১৩০টি আসনের দাবি জানালেও অখিলেশ যাদবের দল মাত্র ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে রায়বরেলি ও আমেঠি—উভয় আসনেই জয়লাভ করে কংগ্রেস। সেই সাফল্যের ওপর ভর করে আসন্ন বিধানসভা ভোটে এই দুই লোকসভার অন্তর্গত সবকটি অর্থাৎ আমেঠির চারটি ও রায়বরেলির ছয়টি বিধানসভা আসনেই প্রার্থী দিতে চাইছে হাত শিবির। কিন্তু উত্তরপ্রদেশে ‘বড় দাদা’-র ভূমিকায় থাকা সমাজবাদী পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে, গত বিধানসভা নির্বাচনে তারা যে আসনগুলিতে জিতেছিল, তার একটিও ছাড়া হবে না।
গত বিধানসভা ভোটে আমেঠি ও রায়বরেলিতে খাতা খুলতে পারেনি কংগ্রেস। উল্টে আমেঠির চারটির মধ্যে দু’টি এবং রায়বরেলির ছয়টির মধ্যে চারটি আসনে জিতেছিল সপা (যদিও ওই ছ’জনের মধ্যে দু’জন সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন)। তবুও নিজেদের জেতা আসন ছাড়তে নারাজ অখিলেশ। প্রস্তাবিত ২৬টি আসনের মধ্যে এই দুই লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসকে কেবল আমেঠির জগদীশপুর আসনটিই ছাড়তে রাজি হয়েছে সপা।
এদিকে সাহারানপুরের দুটি আসনে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করায় উত্তরপ্রদেশ কংগ্রেসে ক্ষোভ আরও বেড়েছে। প্রথম দফার প্রার্থী তালিকায় সপা যে পাঁচজনের নাম ঘোষণা করেছে, তার মধ্যে বেহাত থেকে উমর আলি ও সাহারানপুর থেকে আশু মালিক রয়েছেন। স্থানীয় প্রভাবশালী কংগ্রেস নেতা ইমরান মাসুদের নজর ছিল এই দুটি আসনের ওপর। কৈরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মেহবুব আলি এবং ঝাঁসির ললিতপুর থেকে জ্যোতি লোধিকেও প্রার্থী করেছে সপা। পশ্চিম উত্তরপ্রদেশের এই আসনগুলিতে মুসলিম ও দলিত ভোটব্যাঙ্ক গুরুত্বপূর্ণ হওয়ায় সেই সমীকরণ কাজে লাগাতে চেয়েছিল কংগ্রেস, কিন্তু সপার পদক্ষেপে সেই অঙ্ক ধাক্কা খেয়েছে।
সপা সাংসদ রাজীব রাইয়ের বক্তব্য, বর্তমান বিধায়কদের টিকিট কাটা হবে না এবং বাকি বিষয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলা উচিত। সপা অন্দরের দাবি, ২০২২ সালের ফলাফলের তুলনায় কংগ্রেস চার গুণ বেশি আসন চাইছে, তাই চাপ বাড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের রাজ্য ইন-চার্জ রাজেন্দ্র পাল গৌতম এই পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছেন। সাম্প্রতিক খোলা চিঠিতে অখিলেশ যাদব বাস্তবতা মেনে আলোচনার ডাক দিলেও, বাস্তবে আসন রফার আলোচনা যে মসৃণ হবে না, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।