সংখ্যালঘু ভোটে বড় চমক! মিনাখাঁ থেকে চোপড়া—তৃণমূলের ঘর ভেঙে গ্রামবাংলায় কার পালে হাওয়া?

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বাংলার রাজনৈতিক মানচিত্রে নতুন করে সমীকরণ সাজাতে ব্যস্ত বিভিন্ন দল। বিশেষত সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে এগোচ্ছে নতুন রাজনৈতিক শক্তি এনসিপিআই (NCPI)। একদিকে নিজেদের সাংগঠনিক ভিত ধরে রাখার চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের সামনে, অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে প্রভাব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে এনসিপিআই। রাজ্যের একাধিক প্রান্তে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের এনসিপিআই-তে যোগদানের খবরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি রাজ্যের সংখ্যালঘু ভোটের চেনা অঙ্কে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে?
উত্তর দিনাজপুরের ইসলামপুর ও গোয়ালপোখর থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, সন্দেশখালি এবং নদিয়ার চাপড়া—একের পর এক এলাকায় তৃণমূলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের দলবদলের ছবি সামনে এসেছে। বিশেষ করে মিনাখাঁ ও চাপড়ার দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
সূত্রের দাবি, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ২৩ জন নির্বাচিত সদস্যের মধ্যে ১৩ জনই তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। অন্যদিকে, চাপড়া পঞ্চায়েত সমিতির ২৪ জন সদস্যের মধ্যে ১৯ জন সদস্য এনসিপিআই-তে যোগদান করেছেন বলে খবর। পাশাপাশি গোয়ালপোখর ও সন্দেশখালির মতো এলাকাতেও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের দলবদলের ঘটনায় স্থানীয় স্তরে তৃণমূলের সংগঠন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট বরাবরই নির্ণায়ক ভূমিকা নিয়েছে—বিশেষত মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে। এতদিন এই ভোটের বড় অংশ তৃণমূলের পক্ষে ছিল বলেই মনে করা হতো। সে জায়গায় দাঁড়িয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের এই দলবদল কতটা গভীর প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
যদিও এনসিপিআই নেতৃত্ব সংগঠন বিস্তারের দাবি করলেও তৃণমূলের একাংশ এই দলবদলের নেপথ্যে অন্য উদ্দেশ্য ও রাজনৈতিক কৌশলের অভিযোগ তুলেছে; এমনকি সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানও। সব মিলিয়ে, গ্রামাঞ্চলের এই দলবদল আগামী দিনে বাংলার সংখ্যালঘু ভোটের সমীকরণে ঠিক কতটা প্রভাব ফেলে, তা সময় ও জনসমর্থনের ওপরই নির্ভর করছে।