ধূমপানের নেশা ছাড়তে দারুণ কাজ করে এইসব খাবার! জানুন সহজ উপায়

ধূমপানের অভ্যাস ত্যাগ করা সহজ নয়, তবে সঠিক খাদ্যতালিকা ও দৈনন্দিন অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে নিকোটিনের তীব্র টান অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, কিছু বিশেষ খাবার রক্তে নিকোটিনের প্রভাব কমাতে, স্বাদের পরিবর্তন ঘটাতে এবং হাত ও মুখ ব্যস্ত রাখতে সাহায্য করে, ফলে ধূমপান ছাড়ার প্রক্রিয়া সহজ হয়।

দুধ ও দুগ্ধজাত খাবার ধূমপান ছাড়ার ক্ষেত্রে বেশ কার্যকর ভূমিকা নিতে পারে। অনেকের অভিজ্ঞতায় দেখা যায়, দুধ বা দই খেলে সিগারেটের স্বাদ ও গন্ধ অপ্রীতিকর মনে হয়। ফলে ধূমপানের ইচ্ছা কমে আসে। অন্যদিকে, অ্যালকোহল, কফি বা চা ও অতিরিক্ত মাংসজাত খাবার ধূমপানের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হয়। তাই ধূমপান ছাড়ার সময় এই পানীয় ও খাবার এড়িয়ে চলা উপকারী।

ফল ও শাকসবজি শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ জোগায় এবং ধূমপান ছাড়ার পর শরীরে যে ক্লান্তি বা খিটখিটে ভাব দেখা দেয়, তা সামলাতে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলালেবু, পাতিলেবু বা আমলকী শরীরের অক্সিডেটিভ চাপ কমাতে সহায়ক। শসা, গাজর, আপেল বা সেলারির মতো কুড়মুড়ে খাবার চিবোলে মুখ ও হাত ব্যস্ত থাকে, যা ধূমপানের অভ্যাসের বিকল্প হিসেবে কাজ করে।

বাদাম ও বীজও ভালো বিকল্প হতে পারে। কাজুবাদাম, কাঠবাদাম বা সূর্যমুখীর বীজের মতো খাবার খিদে ও অস্থিরতা কমাতে সাহায্য করে। ধূমপান ছাড়ার পর অনেকেরই ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। সুষম ও পুষ্টিকর খাবার খেলে সেই প্রবণতা নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং শরীর সুস্থ থাকে।

পর্যাপ্ত জল পান করাও অত্যন্ত জরুরি। নিয়মিত জল খেলে শরীর থেকে ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে সুবিধা হয় এবং হঠাৎ ধূমপানের তীব্র ইচ্ছা তৈরি হলে জল পান করে মনোযোগ ঘোরানো যায়। এছাড়া আদা বা লবঙ্গের মতো উপাদান মুখের স্বাদ বদলাতে ও তৃষ্ণা বা টান কমাতে সহায়ক হতে পারে।

সব মিলিয়ে, ধূমপান ছাড়তে চাইলে ইচ্ছাশক্তির পাশাপাশি প্রতিদিনের খাবারে সচেতন পরিবর্তন আনা জরুরি। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত জল এবং উত্তেজক পানীয় এড়িয়ে চলার মাধ্যমে ধূমপান ছাড়ার যাত্রা অনেকটাই মসৃণ হতে পারে।