কম ভিড়ের নিরিবিলি জায়গা ও সোলো ট্রাভেলের ঝোঁক! গুগল ট্রেন্ডসে প্রকাশ্যে নতুন ভ্রমণ ট্রেন্ড

ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে চেনা পর্যটনকেন্দ্রের পাশাপাশি নিরিবিলি কোনো জায়গা, পাহাড়ি পথে ট্রেকিং কিংবা মিউজিক ফেস্টিভ্যালও থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। ২০২৬ সালে ছুটি কাটানোর পরিকল্পনা করতে গিয়ে ভারতীয়রা ঠিক কী খুঁজছেন, তারই একটি চিত্র তুলে ধরেছে গুগল ট্রেন্ডসের তথ্য। সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, সাধারণ পর্যটনকেন্দ্রের পাশাপাশি ওয়েলনেস রিট্রিট, হাইকিং ট্রেল, মিউজিক ফেস্টিভ্যাল এবং তুলনামূলক কম পরিচিত গন্তব্যের প্রতি আগ্রহ বাড়ছে।
শুধু তাই নয়, সোলো ট্রাভেল এবং ট্রাভেল কমিউনিটি নিয়েও বাড়ছে সার্চ। গত এক বছরে এআই নির্ভর ট্রাভেল প্ল্যানিং সংক্রান্ত সার্চেও উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করেছে গুগল। ভ্রমণের জায়গা খোঁজা থেকে শুরু করে সফরের পরিকল্পনা তৈরি—বিভিন্ন কাজে এআই টুলের সাহায্য নিচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
গুগলের ব্লগ পোস্টে জানানো হয়েছে, ভারতে ভ্রমণের পরিকল্পনা করার সময় আউটডোর অ্যাক্টিভিটি এবং লাইভ ইভেন্টের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, ‘হাইকিং ট্রেলস নিয়ার মি’ এবং ‘মিউজিক ফেস্টিভ্যাল ট্রাভেল’-এর মতো সার্চ এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
একই সঙ্গে কম পরিচিত পর্যটনকেন্দ্র খোঁজার প্রবণতাও বেড়েছে। ‘হিডেন জেমস ইন্ডিয়া’ লিখে সার্চের পরিমাণ ৪০০ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে ওই ব্লগ পোস্টে। অর্থাৎ, পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে নতুন এবং তুলনামূলক কম ভিড়ের জায়গা খুঁজছেন অনেকেই।
ওয়েলনেস ট্রাভেল সংক্রান্ত সার্চেও বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছে। ‘ওয়েলনেস ট্রাভেল ইন্ডিয়া’ সার্চ বেড়েছে ১৬০০ শতাংশ। অন্যদিকে, ‘ফিটনেস ট্রিপ’ সংক্রান্ত সার্চ বেড়েছে ৯৫০ শতাংশ। পাশাপাশি ‘সাইলেন্ট রিট্রিট’ লিখে সার্চের পরিমাণ বেড়েছে ১৫০ শতাংশ। ‘হোয়াট ইজ স্লো ট্রাভেল’ সার্চটিও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। অর্থাৎ, শুধু ঘোরাঘুরি নয়, শরীর ও মনকে বিশ্রাম দেওয়ার মতো ভ্রমণের প্রতিও আগ্রহ বাড়ছে।
ছোট ট্যুর বা স্বল্প সময়ের সফরের জনপ্রিয়তা অবশ্য এখনও বজায় রয়েছে। গুগল জানিয়েছে, ‘উইকএন্ড গেটঅ্যাওয়েজ নিয়ার মি’ এবং ‘লং উইকএন্ড ট্রাভেল’-এর মতো সার্চ টপিকগুলি এখনও জনপ্রিয়। তবে গত এক বছরে ‘১ ডে ট্রিপ নিয়ার মি’ লিখে সার্চের পরিমাণ বেড়েছে ১৩০ শতাংশ। ভারতের রাজ্যগুলির মধ্যে এই সার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গিয়েছে মহারাষ্ট্রে।
থাকার জায়গা বেছে নেওয়ার ক্ষেত্রেও মানুষের পছন্দে বৈচিত্র্য দেখা যাচ্ছে। ‘বেস্ট পেট ফ্রেন্ডলি হোটেলস’, ‘অ্যাফোর্ডেবল হোমস্টে’ এবং ‘ফ্যামিলি ফ্রেন্ডলি ডেস্টিনেশনস’-এর মতো সার্চ জনপ্রিয়তা পাচ্ছে। অর্থাৎ, পোষ্যকে সঙ্গে নিয়ে ভ্রমণ, কম খরচে হোমস্টে কিংবা পরিবারের সকলের উপযোগী গন্তব্য খোঁজার প্রবণতাও বাড়ছে।
সোলো ট্রাভেল নিয়েও ভারতীয়দের আগ্রহ বেড়েছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, ‘সোলো ট্রাভেল গাইড’, ‘বেস্ট প্লেসেস টু ট্রাভেল সোলো’ এবং ‘সোলো ট্রাভেল কস্ট ইন্ডিয়া’-এর মতো সার্চ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
পাশাপাশি, ভ্রমণের সঙ্গী কিংবা একই ধরনের আগ্রহ থাকা মানুষের খোঁজে ‘ট্রাভেল কমিউনিটি’ সার্চের পরিমাণও বেড়েছে ৪০০ শতাংশ।
সব মিলিয়ে, গুগল ট্রেন্ডসের এই তথ্য বলছে, ২০২৬ সালে ভারতীয়দের ভ্রমণের পছন্দে বৈচিত্র্য বাড়ছে। জনপ্রিয় পর্যটনকেন্দ্রের পাশাপাশি নিরিবিলি গন্তব্য, ওয়েলনেস ট্রিপ, ছোট সফর এবং সোলো ট্রাভেলের প্রতিও আগ্রহ তৈরি হচ্ছে। আর ভ্রমণের পরিকল্পনা করতে এআই টুলের ব্যবহারও ক্রমশ বাড়ছে।