বাড়িতে বসেই সারুন ই-কেওয়াইসি! ৫ লক্ষ টাকার ক্যাশলেস বিমা ধরে রাখতে কী কী করবেন জানুন

সাধারণ মানুষের চিকিৎসার খরচ সামাল দিতে এবং নগদবিহীন (Cashless) স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্যে চালু হয়েছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা’ (MMSBY)। আয়ুষ্মান ভারতের ধাঁচে তৈরি এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলো বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তবে এই বিমার সুবিধা নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে উপভোক্তা এবং তাঁর পরিবারের সদস্যদের ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
পোর্টাল বা অ্যাপে কীভাবে ই-কেওয়াইসি করবেন?
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনায় ই-কেওয়াইসি করার জন্য প্রথমেই নির্ধারিত পোর্টাল বা অ্যাপ বেছে নিতে হবে। ন্যাশনাল হেলথ অথরিটির অফিশিয়াল বেনিফিশিয়ারি পোর্টাল (beneficiary.nha.gov.in) অথবা রাজ্যের স্বাস্থ্য দফতরের পোর্টালে (sha.wbhealth.gov.in) গিয়ে এই কাজ করা যাবে; পাশাপাশি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Ayushman App’ ডাউনলোড করেও ই-কেওয়াইসি সম্পন্ন করা সম্ভব।
পোর্টাল বা অ্যাপ খোলার পর ‘Beneficiary’ অপশন নির্বাচন করে বৈধ মোবাইল নম্বরে লগ-ইন করতে হবে। ফোনে আসা ওটিপি (OTP) নির্দিষ্ট ঘরে বসিয়ে পরবর্তী ধাপে গিয়ে রাজ্য (পশ্চিমবঙ্গ), জেলা এবং ব্লকের নাম বেছে নিতে হবে। এরপর সার্চ অপশনে আধার নম্বর বা ডিজিটাল রেশন কার্ড নম্বর দিয়ে পরিবারের তালিকা খুঁজে বের করা যাবে।
ভেরিফিকেশন ও ছবি আপলোডের নিয়ম
তালিকায় নিজের এবং পরিবারের সদস্যদের নাম দেখা গেলে নামের পাশে থাকা ‘e-KYC’ বাটনে ক্লিক করতে হবে। তখন আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আরেকটি ওটিপি আসবে, যা দিয়ে যাচাইকরণ বা ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।
ভেরিফিকেশন হয়ে গেলে আবেদনকারীর ব্যক্তিগত বিবরণসহ একটি নতুন পেজ খুলবে। সেখানে মোবাইল ক্যামেরার মাধ্যমে সরাসরি আবেদনকারীর একটি স্পষ্ট ছবি তুলে আপলোড করতে হবে এবং সব তথ্য ভালোভাবে মিলিয়ে নিয়ে আবেদনটি জমা দিতে হবে।
ই-কেওয়াইসি করতে কী কী নথি লাগবে?
ই-কেওয়াইসি আপডেট করার জন্য পরিবারের প্রত্যেক সদস্যের বৈধ পরিচয়পত্র ও ডিজিটাল রেশন কার্ড প্রয়োজন হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম—তার প্রমাণস্বরূপ স্বঘোষিত আয়ের শংসাপত্র, আধারের সঙ্গে যুক্ত সক্রিয় মোবাইল নম্বর, ঠিকানার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে। যাঁরা নিজেরা অনলাইনে করতে পারবেন না, তাঁরা আশাকর্মীর কাছে গিয়েও ই-কেওয়াইসি সেরে নিতে পারবেন।