২০ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন! মদ কিনতেই চলছে হেলথ চেকআপ, কোথায় জানেন?

মদের দোকানের বাইরে বসে আছেন চিকিৎসক; মদ কেনার আগে ও পরে চলছে ক্রেতাদের শারীরিক পরীক্ষা, এমনকী নেওয়া হচ্ছে রক্তের নমুনাও। মদ কিনতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে চাইবেন না কেউই, কিন্তু ঠিক এমনই নজিরবিহীন ব্যবস্থা করা হয়েছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে।

জানা গেছে, বুন্দেলখণ্ডের সাগর জেলায় প্রশাসনের পক্ষ থেকে মদের দোকানগুলোর বাইরে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁরা মদ কিনতে আসছেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রক্তের নমুনা সংগ্রহ করছে মেডিক্যাল টিম। একইসঙ্গে মদ্যপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও ক্রেতাদের সচেতন ও সতর্ক করছেন চিকিৎসকরা।

এমনকী কোন কোন ক্রেতা রোজ বা ঘন ঘন মদ কিনতে আসেন, অথবা সকাল ৮টায় দোকান খোলার আগে থেকেই দোকানের সামনে অপেক্ষায় থাকেন—তাঁদের আলাদা করে চিহ্নিত করার কাজে মদের দোকান কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে জেলা প্রশাসন।

মদ্যপানে মৃত্যুর ঘটনার পর কড়া পদক্ষেপ
গত সেপ্টেম্বর মাসে সাগর জেলার বান্দা এলাকায় মদ্যপানজনিত বিষক্রিয়ায় ২০ জনের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, মৃতদের অনেকেরই আগে থেকেই লিভার ও কিডনির সমস্যা ছিল। সম্প্রতি ওই এলাকায় মদ্যপানের জেরে বিষক্রিয়ায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাগুলোর পরই তৎপর হন সাগরের জেলাশাসক দিলীপ কুমার যাদব। এলাকার কোন বাসিন্দারা দিনের পর দিন মদ্যপানের ফলে নিজেদের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছেন—বিশেষ করে কারা দিনভর মদ্যপান করেন অথচ ঠিকমতো খাওয়া-দাওয়া করেন না—তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। মদের দোকানগুলোর সাহায্যে নিয়মিত মদ্যপানকারীদের খুঁজে বের করার এই উদ্যোগে কিছুটা সুফলও মিলতে শুরু করেছে বলে প্রশাসন সূত্রে খবর।