চাল-ডাল ছাড়াই মচমচে দোসা! প্রোটিনে ভরপুর কালো ছোলার দোসা কীভাবে বানাবেন?

সকালের জলখাবারে দোসা অনেকেরই খুব পছন্দের। সাধারণত সাম্বার আর নারকেলের চাটনি সহযোগে চাল-ডালের দোসাই বেশি খাওয়া হয়। তবে রোজ একই ধরনের জলখাবার খেতে খেতে একঘেয়েমি চলে এলে বদল আনতে পারেন কালো ছোলার দোসা দিয়ে। প্রোটিনে ভরপুর এই দোসা খেতে যেমন সুস্বাদু, তেমনই বানানোও বেশ সহজ।

কালো ছোলার দোসা তৈরির উপকরণ

  • কালো ছোলা: ১/২ কাপ

  • সুজি: ১/২ কাপ

  • দই: ১/৪ কাপ

  • আদা: ১ ইঞ্চির ৩টি পাতলা টুকরো

  • কাঁচা লঙ্কা: ২টি

  • রসুন: ৬-৭ কোয়া

  • গোটা জিরে: ১ ছোট চামচ

  • ধনেপাতা: ১ মুঠো

  • কারিপাতা: ১টি ডাল

  • জল: ১ কাপ

  • নুন: স্বাদমতো

  • তেল: প্রয়োজনমতো

দই ও শসার চাটনির উপকরণ

  • ঘন দই: ১ কাপ

  • ছোট শসা: ১টি

  • রসুন: ৫ কোয়া

  • কাঁচা লঙ্কা: ২টি

  • গোটা জিরে: ১ ছোট চামচ

  • পুদিনা পাতা: ১ মুঠো

  • ধনেপাতা: ১ মুঠো

  • হলুদ: ১ চিমটে

  • নুন: স্বাদমতো

  • সরষের তেল: ১ বড় চামচ (ঐচ্ছিক)

কীভাবে বানাবেন কালো ছোলার দোসা?

আগের দিন রাতে কালো ছোলা জলে ভিজিয়ে রাখুন এবং পরদিন সকালে জল ঝরিয়ে নিন। এরপর মিক্সার জারে ভেজানো ছোলা, সুজি, দই, আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, ধনেপাতা, কারিপাতা, নুন ও জল দিয়ে মসৃণ করে বেটে নিন। ব্যাটার যেন খুব বেশি ঘন বা খুব পাতলা না হয়, সেদিকে খেয়াল রাখুন। তৈরি ব্যাটার অন্তত ২০ মিনিট ঢেকে রেখে দিন।

এবার গ্যাসে দোসার তাওয়া গরম করুন এবং প্রয়োজনে সামান্য তেল ব্রাশ করে নিন। তাওয়ার মাঝখানে এক হাতা ব্যাটার দিয়ে গোল করে পাতলা করে ছড়িয়ে দিন। চারপাশে অল্প তেল ছড়িয়ে মাঝারি আঁচে সেঁকুন। নিচের দিক সোনালি ও মচমচে হয়ে এলে তাওয়া থেকে তুলে নিন।

দইয়ের চাটনি তৈরির পদ্ধতি

চাটনি বানাতে প্রথমে রসুন, কাঁচা লঙ্কা, জিরে ও নুন একসঙ্গে বেটে নিন। এর সঙ্গে পুদিনা পাতা, ধনেপাতা ও এক চিমটে হলুদ মিশিয়ে আরও একবার বেটে নিন। একটি বাটিতে ঘন দই নিয়ে তাতে বাটা মিশ্রণটি মেশান। এবার কোরানো শসা এবং চাইলে এক বড় চামচ সরষের তেল দিয়ে ভালো করে নেড়ে নিন। গরম গরম কালো ছোলার দোসার সঙ্গে পরিবেশন করুন এই দইয়ের চাটনি।