অনুপম খেরকে নিয়ে নতুন গান ‘রাম ভক্ত হনুমান’, মানুষের সেবাতেই কী লুকিয়ে ঈশ্বরের আশীর্বাদ?

প্রযোজক ও পরিচালক বরুণ গুপ্ত এবং বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের যৌথ প্রয়াসে সামনে এল নতুন হিন্দি গান ‘রাম ভক্ত হনুমান’। মানুষের দয়া, মমতা এবং নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে ভগবান হনুমানের আদর্শ ও ঈশ্বরের আশীর্বাদের বার্তা তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতে।
বরুণ গুপ্তের ম্যাক্স স্টুডিওজ থেকে প্রকাশিত এই গানটিতে বিশ্বাস, সুর ও গল্প বলার মেলবন্ধন ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে। নির্মাতাদের মতে, ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং দৈনন্দিন জীবনে মানুষের একে অপরকে সাহায্য করার মধ্যেই ভক্তির প্রকাশ ঘটে। বিপদের মুহূর্তে যাঁরা পাশে দাঁড়ান, তাঁদের মাধ্যমেই অনেক সময় ঈশ্বরের আশীর্বাদ পৌঁছে যায়—এমন ভাবনাই ফুটে উঠেছে গানে।
ইনস্টাগ্রামে কী জানালেন বরুণ গুপ্ত
গানটি প্রকাশের ঘোষণা করে বরুণ গুপ্ত ইনস্টাগ্রামে লিখেছেন, এটি বিশ্বাস এবং মানুষের ভেতরের ভালো দিকটির প্রতি শ্রদ্ধা। তাঁর কথায়, একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালো কাজ নিয়েই এই গান তৈরি হয়েছে। প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো মানুষের হাত ধরেই ভগবানের আশীর্বাদ আসে বলে উল্লেখ করেছেন তিনি।
অনুপম খেরের কাজ ও গানের নেপথ্যে কারা
অন্যের ভালো কাজকে স্বীকৃতি দেওয়া এবং চারপাশের মানুষের প্রতি দয়ালু হওয়াকেও ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার একটি পথ হিসেবে দেখানো হয়েছে এই গানে। অনুপম খের সম্প্রতি জানিয়েছেন যে তাঁর সাম্প্রতিক কাজগুলো মূলত সততা, বিশ্বাস এবং ইতিবাচক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই গড়ে উঠছে। সামনে ‘রামায়ণ’ ছবিতে জটায়ুর চরিত্রে এবং রাজশ্রী প্রোডাকশনের ‘ইয়ে প্রেম মোল লিয়া’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাওয়ার কারণেও আলোচনায় রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।
‘রাম ভক্ত হনুমান’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তনয় মিমানি। পুরো প্রজেক্টটির প্রযোজনা, লেখা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন বরুণ গুপ্ত। গানটির ভিডিও এখন ইউটিউবে এবং অডিও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।