“ক্ষমতার লোভে জোট…” বিজেপি-আকালি দলকে তুলোধোনা করে কী বললেন ভগবন্ত মান?

বিজেপি এবং শিরোমণি আকালি দল (বাদল)-এর জোটকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর দাবি, এই জোট পাঞ্জাবের স্বার্থের পরিপন্থী এবং কেবল হারানো ক্ষমতা ফিরে পাওয়ার লোভে ও রাজনৈতিক পরিবারগুলোকে বাঁচাতেই এই সমঝোতা হয়েছে। একে অপরের বিরুদ্ধে অতীতে এই দুই দল কী কী বলেছে এবং কীভাবে সাধারণ মানুষকে বারবার বিভ্রান্ত করেছে, তা পাঞ্জাবের মানুষ ভালো করেই জানেন বলে কটাক্ষ করেছেন তিনি।
কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে ভগবন্ত মান অভিযোগ করেন, আকালি দল প্রথমে তিনটি বিতর্কিত কৃষি আইনকে সমর্থন করেছিল। কিন্তু কৃষক আন্দোলন জোরদার হতেই তারা অবস্থান বদলায়, অথচ সেই আন্দোলনে ৭৫০ জন কৃষককে প্রাণ হারাতে হয়েছিল।
এক্স হ্যান্ডলে করা পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত আকালি-বিজেপি সরকারের শাসনকালে পাঞ্জাবে মাদকের দৌরাত্ম্য এবং ধর্ম অবমাননার মতো ঘটনা ঘটেছিল, যা রাজ্যের মানুষ আজও ভোলেননি। পাশাপাশি চণ্ডীগড়, রাজ্যের জলবণ্টন এবং শিখ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিজেপির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
নিজের দলের অবস্থান স্পষ্ট করে ভগবন্ত মান জানান, আম আদমি পার্টি পাঞ্জাবের ৩ কোটি ২৫ লক্ষ মানুষের সঙ্গে রয়েছে। তাঁর কথায়, কৃষক, নারী, যুবক এবং সাধারণ মানুষের স্বার্থেই কাজ করছে সরকার। বিনামূল্যে বিদ্যুৎ, সেচের জন্য খালের জল, উন্নত স্বাস্থ্য পরিষেবা, মানসম্মত শিক্ষা এবং ৭৮ হাজারেরও বেশি স্বচ্ছ সরকারি চাকরির মতো সাফল্য প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ধর্ম বা বর্ণের ভিত্তিতে সমাজকে ভাগ না করে ইতিবাচক রাজনীতির পথেই এগোবে আপ, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।