মেডিক্যাল কলেজে টাকার বিনিময়ে ভর্তি? হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে কাউন্সেলিং কমিটি

মেডিক্যাল কলেজগুলোতে ডোনার বা ট্রাস্ট কোটা এবং সেন্ট্রাল পুল কোটায় অর্থের বিনিময়ে এমবিবিএস (MBBS) ভর্তি নেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডোনার বা ট্রাস্ট কোটায় ভর্তি হওয়া প্রার্থীদের নিয়োগ বাতিল এবং অনলাইন পোর্টালের বাইরে সমস্ত এমবিবিএস বা বিডিএস (BDS) ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার আবেদন জানিয়েছেন ২০২৬ সালের নিট-ইউজি (NEET-UG) উত্তীর্ণ এক প্রার্থী।

মামলাকারীর অভিযোগ, গত ১১ অগস্ট বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিং কমিটি অফলাইনে আসন বণ্টনের অনুমতি দিয়েছে, যার জেরে মেডিক্যাল ভর্তিতে বেআইনি আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়া ছাড়াই সরকারি মেডিক্যাল কলেজগুলোতে কীভাবে ডোনার বা ট্রাস্ট কোটা এবং সেন্ট্রাল পুল কোটায় ভর্তি নিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি।

আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) এবং রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ওই কোটায় ভর্তি হওয়া প্রার্থীদের বিস্তারিত তথ্য, প্রাপ্ত নম্বর এবং র‌্যাঙ্ক রিপোর্টে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

শুনানিতে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম সওয়াল করেন যে, নিয়ম অনুযায়ী কাউন্সেলিং ছাড়া নিট-ইউজি-তে ভর্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে; তবুও ১১ অগস্টের বিজ্ঞপ্তির মাধ্যমে অফলাইন আসন বণ্টনের পথ খোলা হয় এবং টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ উঠেছে।

বিচারপতি অমৃতা সিনহা রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটির কাছে জানতে চান, কীভাবে প্রার্থী নেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই ভর্তি প্রক্রিয়া চলছে কি না। যোগ্য প্রার্থীদের ভর্তির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ইতিমধ্যে কাদের ভর্তি নেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য রিপোর্ট আকারে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।