“এনসিপিআইতে যোগ বেআইনি নয়!” স্পিকারকে ১৮-২০ পাতার জবাব সুদীপ-কাকলিদের

অবশেষে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত জবাব পাঠালেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। বারবার সময় নেওয়ার পর মঙ্গলবার স্পিকারের সচিবালয়ে জবাব জমা দেওয়ার কথা জানিয়েছেন বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার।

সংবাদসংস্থা পিটিআইকে কাকলী জানান, স্পিকারকে দেওয়া লিখিত জবাবে সাংসদরা স্পষ্ট করেছেন যে এনসিপিআই (NCPI)-তে যোগ দিয়ে তাঁরা কোনো সংসদীয় রীতি ভঙ্গ করেননি। পাশাপাশি তাঁদের এই পদক্ষেপ যে কোনোভাবেই দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে না, সেই যুক্তিও তুলে ধরা হয়েছে। জানা গেছে, বিদ্রোহী সাংসদদের প্রত্যেকেই ১৮ থেকে ২০ পাতার বিস্তারিত লিখিত জবাব দিয়েছেন, যেখানে একাধিক তথ্য ও আইনি ব্যাখ্যা উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল ছাড়েন ২০ জন সাংসদ এবং যোগ দেন এনসিপিআইতে। এরপর তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের দ্বারস্থ হয় তৃণমূল শিবির। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টেও, যেখানে স্পিকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়।

এরপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদারসহ সংশ্লিষ্ট সাংসদদের কাছে জানতে চাওয়া হয়, কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না। যদিও জবাব দিতে প্রথমে বারবার সময় চান বিদ্রোহী সাংসদরা। শেষপর্যন্ত লোকসভার সচিবালয়ের তরফে স্পষ্ট জানানো হয় যে মঙ্গলবারের মধ্যেই জবাব দিতে হবে এবং এরপর আর সময় বাড়ানো হবে না। নির্ধারিত সেই সময়সীমার মধ্যেই এদিন লিখিত জবাব জমা দিলেন সাংসদরা।