২৮০ নয়, ৩৫০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন! ভারতে ‘বি-৩৫’ নিয়ে বড় বদল

ভারতে বুলেট ট্রেন প্রকল্পের গতি ও নকশা নিয়ে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত সামনে এসেছে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় ভারতে নির্মিত বুলেট ট্রেনকে ঘিরে চলা নানা জল্পনার মাঝেই জানা গেছে, আগে যে গতি বা ‘বি-২৮’ ধারণার কথা শোনা যাচ্ছিল, তার বদলে এখন আরও উচ্চগতির ‘বি-৩৫’ ট্রেন তৈরির দিকে এগোচ্ছে পরিকল্পনা।

‘বি-৩৫’-এর পূর্ণরূপ হলো ‘বুলেট ৩৫০’। জানা গেছে, এই ট্রেনটির নকশাকৃত সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার এবং পরিচালন গতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার। এই উচ্চগতির সক্ষমতা একে জাপানের পরবর্তী প্রজন্মের শিনকানসেন ই১০ ট্রেনের সমশ্রেণীতে জায়গা করে দিয়েছে।

দেশের ভবিষ্যৎ দ্রুতগতির রেল করিডোরগুলোর জন্যই এই ট্রেনটি প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি দেশে নতুন করে সাতটি দ্রুতগতির রেল করিডোর চালুর পরিকল্পনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে আগামী বছরের মার্চের পর বুলেট ট্রেনের পরীক্ষামূলক দৌড় শুরু হওয়ার কথা থাকলেও ‘বি-৩৫’ সংস্করণের গতি, বৈশিষ্ট্য এবং ভারতে এর চালুর সময়সূচি ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

জাপানের ই১০ শিনকানসেন এবং ভারতের ‘বি-৩৫’ বুলেট ট্রেনের প্রযুক্তিগত ও নকশাগত পার্থক্য, বিশেষ বৈশিষ্ট্য এবং ভারতে এর পরীক্ষামূলক ও বাণিজ্যিক চলাচল কবে শুরু হবে—তা নিয়ে বিস্তারিত তথ্যের দিকেই এখন নজর সবার।