অক্সফোর্ড যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকে সৌরভ! কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে লন্ডন যাওয়ার পথে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হল ‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) অন্যতম নেতা সৌরভ দাসকে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। সমাজমাধ্যমে পোস্ট করে সৌরভ নিজেই জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছনোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে জানায় যে তাঁর পাসপোর্ট নজরদারিতে রয়েছে এবং তিনি বিমানে উঠতে পারবেন না।

মঙ্গলবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক বৈঠক করেন সৌরভ। সেখানে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, বিশ্বের দরবারে ককরোচদের অহিংস আন্দোলনের বার্তা পৌঁছনো রুখতেই তাঁকে আটকে দেওয়া হয়েছে। সৌরভের কথায়, “এই কাপুরুষ সরকার কিছু অসঙ্গতির অজুহাত দেখিয়ে আমার পাসপোর্ট ফ্ল্যাগ করে দিয়েছে, যার ফলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে আটকে দিয়েছে।”

সাংবাদিক বৈঠকে সৌরভ জানান, আগামী ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়নের মূল অনুষ্ঠান-সহ ব্রিটেনের একাধিক নামী বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। অক্সফোর্ডের ওই অনুষ্ঠানে সৌরভের সঙ্গে রত্না ও অভিজিৎ দিপকে-কেও আমন্ত্রণ জানানো হয়েছিল, যদিও ব্যক্তিগত কারণে অভিজিৎ যেতে পারেননি। সৌরভের দাবি, ভারতের যুবসমাজের আন্দোলন ও ‘ককরোচ মুভমেন্ট’ সম্পর্কে জানতে সেখানে পাঠরত ভারতীয় পড়ুয়া এবং বিশ্বের অন্যান্য দেশের ‘জেন-জি’ (Gen Z) প্রজন্মের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কোনো হিংসা ছাড়া সম্পূর্ণ অহিংস পথে কীভাবে এত বড় আন্দোলন সফল হল, তা জানতেই আগ্রহী ছিলেন তাঁরা।

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সৌরভ বলেন, “আমি যদি নীরব মোদী, বিজয় মালিয়া বা মেহুল ভাই চোকসি হতাম, তাহলে আমার জন্য বিমানবন্দরে কোনও সিকিউরিটি চেক থাকত না। ভিআইপি নিরাপত্তায় আমাকে নিয়ে যাওয়া হতো এবং তিন-চার ঘণ্টার মধ্যেই আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতাম।” ২০১৮ সালে বিজয় মালিয়ার দেশ ছাড়ার প্রসঙ্গ টেনে সৌরভের দাবি, দেশ ছাড়ার আগে সংসদের ভেতরে প্রয়াত অরুণ জেটলির সঙ্গে বৈঠক করে ভ্রমণ পরিকল্পনার কথা জানিয়েছিলেন মালিয়া এবং সবুজ সংকেত পেয়েই চলে গিয়েছিলেন। কটাক্ষ করে সৌরভ বলেন, “তাই হয়তো আমাদেরও একজন অরুণ জেটলির প্রয়োজন।”

এদিকে, সৌরভ দাসকে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সৌরভের মা নেপালি বংশোদ্ভূত হওয়ার প্রসঙ্গ তুলে এবং বর্তমানে ভারত সফরে থাকা নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ট্যাগ করে তিনি রাজনৈতিক চাপানউতোর আরও বাড়িয়ে দিয়েছেন।