কংগ্রেস চাইল ১৩০ আসন, অখিলেশ দিলেন মাত্র ২৬! ইউপি ভোটে আসন রফায় বড় টানাপোড়েন

আগামী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোটের আসন সমঝোতা নিয়ে জোর টানাপড়েন শুরু হয়েছে সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে। শরিক সপার কাছে কংগ্রেস প্রথমে ১৮১টি এবং পরে ১৩০টি আসনের দাবি জানালেও, তার ঠিক একদিনের মাথায় পাল্টা চাল দিয়ে হাত শিবিরকে মাত্র ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল।
সপা সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নেতৃত্বের হাতে ইতিমধ্যেই ২৬টি আসনের একটি তালিকা তুলে দেওয়া হয়েছে। এই তালিকায় ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জেতা দুটি আসন—রামপুর খাস ও ফরেন্দা—রয়েছে। পাশাপাশি, যে চারটি আসনে কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল, অর্থাৎ মথুরা, খেরাগড়, জগদীশপুর এবং কিদওয়াই নগর—সেগুলিও ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি ২০টি আসনের মধ্যে রয়েছে বাগপত, মোদীনগর, হাপুর, জেওয়ার, সিয়ানা, খুরজা, খৈর, ইগলাস, মান্ট, আগ্রা উত্তর, ফতেপুর সিক্রি, বিলগ্রাম-মাল্লাওয়ান, গোবিন্দ নগর, নানপারা, গোরক্ষপুর শহর, খাজানি, পদরৌনা, ফাজিলনগর, পিন্দ্রা এবং বারাণসী ক্যান্টনমেন্ট।
অন্যদিকে, আসন রফা নিয়ে আলোচনার জন্য গঠিত সমাজবাদী পার্টির বিশেষ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদকে। দলিত সম্প্রদায়ের নেতা অবধেশ প্রসাদকে এই প্যানেলে যুক্ত করে সপা তাদের ‘পিডিএ’ (পিছড়ে অর্থাৎ অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘু) সমীকরণের প্রতিনিধিত্ব সম্পূর্ণ করল বলে মনে করা হচ্ছে। সপার এই কমিটিতে আরও রয়েছেন রামগোপাল যাদব, সাংসদ ইকরা চৌধুরী, রাজীব রাই এবং রাজ্য সভাপতি শ্যামলাল পাল। কংগ্রেসের তরফে আলোচনায় রয়েছেন উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা রাজেন্দ্র পাল গৌতম, প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র, কার্যকরী সভাপতি ইমরান মাসুদ এবং বিধায়ক বীরেন্দ্র চৌধুরী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনে সাম্প্রতিক নির্বাচনগুলিতে কংগ্রেসের ফলাফলের কথা মাথায় রেখেই এত কম আসন ছাড়তে চাইছে সপা। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে একা লড়ে ৩৯৯টি আসনে প্রার্থী দিলেও মাত্র ২টিতে জিতেছিল কংগ্রেস, সেখানে সপা জিতেছিল ১১১টি আসনে। ২০১৭ সালে জোট বেঁধে লড়ে সপা ৫৪টি এবং কংগ্রেস ৭টি আসনে জয়ী হয়েছিল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে জোট বেঁধে ৪৩টি আসন জিতেছিল ইন্ডিয়া জোট—যার মধ্যে সপা ৩৭টি এবং কংগ্রেস ৬টি আসনে জয় পেয়েছিল। লোকসভা ভোটের সেই সাফল্যের ওপর ভর করেই বিধানসভায় বেশি আসন চাইছে কংগ্রেস, ফলে আসন সমঝোতার চূড়ান্ত অঙ্ক কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।