সোনা-টাকা নয়, ৪০ ফ্ল্যাটের ১.২০ লাখ টাকার জুতো চুরি! নবান্নের কাছে আবাসনে ‘অভিনব’ চোরের কীর্তি

ভোর পৌনে পাঁচটা। গোটা আবাসন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগেই অভিনব কাণ্ড ঘটাল এক চোর। সোনা, টাকা বা মোবাইল নয়—আবাসনের ফ্ল্যাটের বাইরে রাখা দামি জুতো ও চটিই ছিল তার নিশানা। প্রায় ৪০টি ফ্ল্যাটের দরজার সামনে থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার জুতো-চটি লোপাটের সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চুপিসারে আবাসনের ভিতরে ঢুকছে। দেখে চোর বলে সন্দেহ হওয়ার অবকাশই নেই—নিপাট ভদ্রলোকের মতো ব্যাগ হাতে সিঁড়ি বেয়ে উঠে ফ্ল্যাটের বাইরে রাখা পাদুকাগুলি বেছে বেছে ব্যাগে ভরছে সে।

নবান্নের কাছাকাছি হাওড়ার শিবপুরের হ্যাপি গার্ডেন হাউজিং সোসাইটিতে এই ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও চোরের নাগাল মেলেনি বলে অভিযোগ। গত দু’মাসে এই আবাসনে এটি দ্বিতীয় চুরির ঘটনা হওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে।

কীভাবে ঘটল ঘটনা?

পুলিশ সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। আবাসনের উত্তর-পূর্ব দিকের পাঁচিল টপকে গাছ বেয়ে ভিতরে ঢোকে অভিযুক্ত। এরপর বিভিন্ন ফ্ল্যাটের দরজার সামনে থাকা জুতো-চটি দু’টি ব্যাগে ভরে এলাকা ছাড়ে সে। মূল ফটকে নিরাপত্তারক্ষী থাকলেও তাঁদের নজর এড়িয়েই পুরো কাজ সেরে নেয় চোর। পরে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই বিষয়টি সামনে আসে।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও পুলিশের তদন্ত

বাসিন্দাদের একাংশের দাবি, শুধু নিরাপত্তারক্ষী রাখলেই যথেষ্ট নয়; আবাসনের প্রতিটি প্রবেশপথে নজরদারি আরও জোরদার করতে হবে এবং রাতে পুলিশি টহল বাড়াতে হবে।

শিবপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। শিবপুর থানার এক পুলিশ আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “এই ধরনের চুরি সাম্প্রতিক কালে দেখা যায়নি। এটা অভিনব ঘটনা। যদিও আমরা আবাসনের থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছি। তদন্ত চলছে।”

আপাতদৃষ্টিতে জুতো চুরির ঘটনা হালকা বা কৌতূহলজনক মনে হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত বাসিন্দারা। যে পথে চোর জুতো নিয়ে বেরিয়ে গেছে, সেই পথেই ভবিষ্যতে আরও মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করার অপেক্ষায় রয়েছেন আবাসনের বাসিন্দারা।