দেওঘর থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল স্করপিও, মৃতদের পরিচয় জানলে আঁতকে উঠবেন!

বিহারের লখিসরাই জেলায় ট্রাক ও স্করপিওর মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার গুণসাগর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্করপিওর যাত্রীরা ঝাড়খণ্ডের দেওঘর থেকে লখিসরাইয়ের দিকে ফিরছিলেন। পথে গুণসাগর গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির প্রবল ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্করপিওটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে আটকে থাকা যাত্রীরা গুরুতর জখম হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা সবাই পূর্ব চম্পারণের মোতিহারির বাসিন্দা।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা নাকি অন্য কোনও কারণ এর নেপথ্যে রয়েছে, তা তদন্ত শেষ হলেই পরিষ্কার হবে।