এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো স্কুল বাসে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই প্রাণ গেল ৪ শিশুর

মঙ্গলবার সকাল ৬টার দিকে উত্তরপ্রদেশের কনৌজের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজন শিশুর মৃত্যু হয়েছে এবং পড়ুয়া ও শিক্ষক-সহ প্রায় ২৪ জন আহত হয়েছেন। কনৌজের পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, এক্সপ্রেসওয়ের পাশে কিছুক্ষণ পার্ক করা থাকা একটি স্কুল বাসকে দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল বাসটি কৌশাম্বী থেকে মথুরার দিকে যাচ্ছিল এবং ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে একটি মেডিক্যাল কলেজে ভর্তি করে। ঘটনাস্থলেই চারটি শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে।

নিহত শিশুদের পরিচয় জানা গেছে, তারা হল রিয়াজের ছেলে আরমান, রাজিউল্লাহ, আরিয়ান চৌরাসিয়া এবং জায়েদ মির্জা। তারা সকলেই কৌশাম্বীর বাসিন্দা। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু এবং স্কুল কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট আশুতোষ মোহন অগ্নিহোত্রী এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আহত শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

ইতিমধ্যেই নিহত ও আহত শিশুদের পরিবারকে দুর্ঘটনার বিষয়ে খবর দেওয়া হয়েছে। শোকস্তব্ধ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের কুশল সংবাদ জানতে মরিয়া হয়ে স্কুল কর্মী এবং হাসপাতালে ফোন করছেন। অন্যদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।