২২ লাখ আবেদনে অগ্রাধিকার ও নতুন ট্রাইব্যুনাল! বাংলার SIR শুনানিতে সুপ্রিম কোর্টের একগুচ্ছ বড় নির্দেশ

এসআইআর (SIR) তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন কি না— এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের মতামত ও জবাব তলব করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি হয়।
সামাজিক প্রকল্প প্রসঙ্গে সওয়াল ও আদালতের পর্যবেক্ষণ
শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়াল করেন, “আপনারা (সুপ্রিম কোর্ট) বলার পরও, বাংলায় মানুষ এসআইআরে নাম বাদ যাওয়ার কারণে সামাজিক প্রকল্পের থেকে বঞ্চিত হচ্ছেন। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সে কথা বলছেন।”
এই সওয়ালের প্রেক্ষিতে বেঞ্চ প্রথমে মন্তব্য করে যে, মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক বক্তব্য এবং বাস্তবে এমন কিছু ঘটে থাকলে বঞ্চিতরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। পরে এ বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চায় শীর্ষ আদালত। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট এর আগে স্পষ্ট করেছিল যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও তার প্রভাব অন্য কোথাও পড়বে না, বরং তা কেবল ভোটার তালিকায় প্রতিফলিত হবে।
অন্তর্বর্তীকালীন নির্দেশে কী জানাল শীর্ষ আদালত
সোমবারের শুনানি শেষে এসআইআর সংক্রান্ত আপিল নিষ্পত্তি নিয়ে একাধিক অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট:
নাম অন্তর্ভুক্তির আবেদনে অগ্রাধিকার: মোট ৩৮ লক্ষেরও বেশি আবেদনের মধ্যে নাম বাদ যাওয়ার পর যাঁরা পুনরায় নাম যুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন (প্রায় ২২ লক্ষ আবেদনকারী), তাঁদের আবেদন অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত নাম বাদ দেওয়ার আবেদনগুলোর নিষ্পত্তি স্থগিত বা পরবর্তী পর্যায়ে রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।
কলকাতা পুরসভা এলাকার বাছাই: কলকাতা পুরসভা এলাকার বিধানসভা কেন্দ্রগুলোতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে কারা নাম অন্তর্ভুক্তির জন্য এবং কারা অন্যের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন, তা আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে বাছাই করার নির্দেশ দিয়েছে আদালত। নাম যুক্ত করার আবেদনকারীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
ট্রাইব্যুনাল বৃদ্ধি ও নতুন স্থান চিহ্নিতকরণ: ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। কলকাতা শহরের মধ্যে আরও সুবিধাজনক ও দৃশ্যমান জায়গায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এ সংক্রান্ত স্থান দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত