মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! গুরু নানক জয়ন্তীতে কোন লাইনে কত ট্রেন চলবে?

গুরু নানক জয়ন্তী উপলক্ষে কলকাতা মেট্রোর ব্লু লাইনে বিশেষ অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। ২৩ এবং ২৪ নভেম্বর রাতে অতিরিক্ত এক জোড়া মেট্রো চলবে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে। উৎসবের দিনগুলিতে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
ব্লু লাইনে রাতের বিশেষ সময়সূচি
মেট্রো রেল সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে এক জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে। সাধারণত দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে রাত সাড়ে দশটায় শেষ মেট্রো ছাড়ে। কিন্তু এই দুদিন একটি করে অতিরিক্ত মেট্রো চালানো হবে এবং রাত ১০টা ৫০ মিনিটে শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে।
অন্যান্য লাইনের পরিষেবা
ব্লু লাইনের পাশাপাশি অন্যান্য লাইনের পরিষেবা সংক্রান্ত তথ্যও জানানো হয়েছে। এই দুদিন গ্রিন লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১০৬টি করে মেট্রো পরিষেবা থাকবে এবং প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।
অন্যদিকে, ইয়েলো লাইনে মোট ৯২টি মেট্রো চলবে, যার মধ্যে আপ ও ডাউন মিলিয়ে ৪৬টি করে পরিষেবা রয়েছে। পাশাপাশি ২৪ নভেম্বর পার্পল ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে