সাবধান! হোটেল বুকিংয়ের এই ভুলগুলোই চুরি করছে আপনার ছুটির আরাম ও পকেটের টাকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, দৈনন্দিন একঘেয়েমি কাটানো এবং মন ও শরীরকে তরতাজা করে তোলা। কিন্তু ভ্রমণ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ পর্যটকদের মতে, গন্তব্যে পৌঁছানোর পর অনেক সময় সেই আনন্দ ফিকে হয়ে যায় কেবল হোটেল নির্বাচনে ভুল করার কারণে। সস্তায় থাকার আশায় বা তাড়াহুড়ো করে বুকিং সারলে ভ্রমণের বাজেট যেমন বেড়ে যায়, তেমনি শারীরিক ক্লান্তি ও মানসিক চাপও বহুগুণ বৃদ্ধি পায়।

অনেক ভ্রমণকারী মূল শহর বা দর্শনীয় স্থান থেকে অনেক দূরে কম খরচের হোটেল বেছে নেন। আপাতদৃষ্টিতে ভাড়া কম মনে হলেও প্রতিদিন যাতায়াতের খরচ, অটো বা ক্যাব ভাড়া এবং রাস্তায় নষ্ট হওয়া সময় মিলিয়ে মোট খরচ অনেক বেড়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলে ফিরতে দীর্ঘ সময় লাগলে শরীরে বাড়তি ক্লান্তি ভর করে, যা পরের দিনের ভ্রমণ পরিকল্পনাকেও ব্যাহত করে।

হোটেল বুকিংয়ের আগে পর্যালোচনা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার মতো বিষয়গুলো যাচাই না করাও বড় ভুলের কারণ। পর্যাপ্ত বিশ্রামের পরিবেশ না থাকলে, শব্দদূষণ থাকলে কিংবা পরিচ্ছন্নতার ঘাটতি থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে। এর সরাসরি প্রভাব পড়ে শরীরের কর্মক্ষমতায়; সামান্য হাঁটাহাঁটি বা ভ্রমণেই দ্রুত হাঁপিয়ে ওঠা ও অবসাদ দেখা দিতে পারে।

এ ছাড়া হোটেলের শর্তাবলি, লুকোনো চার্জ, খাবার ও পার্কিংয়ের মতো সুবিধাগুলো আগে থেকে না জানলে ভ্রমণের মাঝপথে বাড়তি খরচের মুখে পড়তে হয়। অনেক সময় চেক-ইন ও চেক-আউটের সময়সূচি না বোঝায় ভোগান্তি বাড়ে, বিশেষ করে পরিবার বা শিশুদের নিয়ে ভ্রমণের ক্ষেত্রে এই অসুবিধা আরও প্রকট হয়।

ভ্রমণ বিশেষজ্ঞদের পরামর্শ হলো, কেবল কম দামের পেছনে না ছুটে গন্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধাজনক অবস্থান, নিরাপত্তা ও মূল সুযোগ-সুবিধাগুলো যাচাই করে হোটেল নির্বাচন করা উচিত। সামান্য পরিকল্পিত সিদ্ধান্তই ভ্রমণের খরচ নিয়ন্ত্রণে রেখে শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করে।