প্রস্রাব ঘোলাটে কেন হয়? আপনার পাতে থাকা এই খাবারগুলোই কি আসল কারণ?

অনেক সময় হঠাৎ করে প্রস্রাবের রঙ বদলে গিয়ে ঘোলাটে হয়ে গেলে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবের রঙ ও স্বচ্ছতা শরীরের অভ্যন্তরীণ অবস্থা এবং খাদ্যাভ্যাসের অনেক ইঙ্গিত দেয়। সব ক্ষেত্রে ঘোলাটে প্রস্রাব গুরুতর রোগের লক্ষণ না হলেও কিছু নির্দিষ্ট খাবার ও পানীয় গ্রহণের পর এমন পরিবর্তন দেখা দিতে পারে। শরীরের জলশূন্যতা থেকে শুরু করে খাবারের পুষ্টি উপাদান পর্যন্ত নানা কারণে এই পরিস্থিতি তৈরি হয়।
অতিরিক্ত দুধ, পনির, দই বা ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেলে প্রস্রাবে ফসফেট ও ক্যালসিয়ামের মাত্রা সাময়িকভাবে বেড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে এর ফলে প্রস্রাব ঘোলাটে দেখাতে পারে। বিশেষ করে যারা হঠাৎ খুব বেশি দুগ্ধজাত পণ্য গ্রহণ করেন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেন, তাদের ক্ষেত্রে এমনটা চোখে পড়তে পারে। এটি সাধারণত ক্ষণস্থায়ী এবং স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার অংশ।
কিছু নির্দিষ্ট সবজি ও ফলও প্রস্রাবের চেহারায় প্রভাব ফেলে। যেমন পালংশাক, বিট, শতমূলী বা অ্যাসপারাগাস এবং অতিরিক্ত অক্সালেট বা পিউরিনযুক্ত খাবার শরীরের বিপাক প্রক্রিয়ায় নানা যৌগ তৈরি করে। এর প্রভাবে প্রস্রাবের রঙ বা স্বচ্ছতায় সাময়িক বদল আসতে পারে। পাশাপাশি খুব বেশি প্রোটিনযুক্ত খাবার, যেমন রেড মিট বা ডাল ও মাংস অতিরিক্ত মাত্রায় খেলে শরীরে বিপাকজাত বর্জ্যের পরিমাণ বাড়ে, যা কখনও কখনও ঘোলাটে ভাবের কারণ হতে পারে।
খাবারের পাশাপাশি পর্যাপ্ত জল না খাওয়া ঘোলাটে প্রস্রাবের অন্যতম সাধারণ কারণ। শরীরে জলের ঘাটতি হলে প্রস্রাব ঘন হয়ে যায় এবং সহজেই ঘোলাটে দেখায়। এছাড়া চা, কফি বা অতিরিক্ত সোডা ও ক্যাফেইনযুক্ত পানীয় বেশি পরিমাণে পান করলে এবং জল কম খেলে এই সমস্যা আরও প্রকট হতে পারে। দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখলেও এমন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
তবে খাবার বা জলের ঘাটতির বাইরেও কিছু শারীরিক সমস্যা ঘোলাটে প্রস্রাবের কারণ হতে পারে। মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই হলে প্রস্রাব ঘোলাটে হওয়ার পাশাপাশি জ্বালাপোড়া, বারবার প্রস্রাবের বেগ, তলপেটে ব্যথা বা দুর্গন্ধের মতো উপসর্গ দেখা দিতে পারে। কিডনির পাথর, প্রোস্টেটের সমস্যা বা শরীরে কোনো সংক্রমণ থাকলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোনো খাবার খাওয়ার পর প্রস্রাব ঘোলাটে হলে এবং সঙ্গে অন্য কোনো উপসর্গ না থাকলে প্রথমে পর্যাপ্ত জল পান করে পর্যবেক্ষণ করা উচিত। কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সাধারণত উদ্বিগ্ন হওয়ার কিছু থাকে না। কিন্তু ঘোলাটে ভাব দীর্ঘস্থায়ী হলে, জ্বর, কোমর বা পিঠে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া বা রক্ত দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত জল পানের মাধ্যমেই দৈনন্দিন অনেক ছোটখাটো অস্বস্তি সহজে এড়ানো সম্ভব।