সুপ্রিম কোর্টকে পাত্তাই দিচ্ছে না! সরকারি অফিসারের কাণ্ড দেখে মারাত্মক চটল হাইকোর্ট, দিল চরম আল্টিমেটাম

স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে নিয়ে চরম কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে বেতন বন্ধের পাশাপাশি অভিযুক্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে আদালত।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাই-এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন অভিযুক্ত অফিসারের দীর্ঘদিন আত্মগোপন করে থাকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি এজলাসে মন্তব্য করেন, “বেতন বন্ধ করো। কেন এতদিন পালিয়ে আছে? সম্পত্তি বাজেয়াপ্ত করছেন না কেন? একজন সরকারি অফিসার এতদিন ধরে পালিয়ে আছেন কেন?”

এখানেই না থেমে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করার প্রসঙ্গে ক্ষুব্ধ প্রধান বিচারপতি আরও যোগ করেন, “সুপ্রিম কোর্টকেই পাত্তা দিচ্ছে না, হাইকোর্টকে কী দেবে? সুপ্রিম কোর্টের প্রতি এদের কোনও সম্মান নেই।”

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, অভিযুক্ত প্রশান্ত বর্মণের বেতন যদি এখনও চালু থাকে, তবে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে তাঁর সমস্ত অস্থাবর ও স্থাবর সম্পত্তির একটি পূর্ণাঙ্গ তালিকা হাইকোর্টে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে আদালতের নির্দেশ অনুযায়ী সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়ায় হাত দেবে প্রশাসন।