টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আইনি জটিলতায় জড়ালেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর সতীর্থদের পাশাপাশি বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে উদযাপন করছিলেন তিনি। কিন্তু সেই উদযাপনের দৃশ্যই এখন তাঁর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হার্দিকের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনেছেন পুণের আইনজীবী ওয়াজিদ খান।
অভিযোগকারীর দাবি, ১৯৭১ সালের জাতীয় পতাকা আইন লঙ্ঘন করেছেন হার্দিক। শিবাজিনগর থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, জয় উদযাপনের সময় হার্দিকের পিঠে জাতীয় পতাকা জড়ানো ছিল। ওই অবস্থাতেই বান্ধবীর সঙ্গে নাচের পাশাপাশি ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন তিনি, যা পতাকার মর্যাদাহানি করেছে। ওয়াজিদ খানের মতে, “পতাকা জাতীয় প্রতীক, তাই যেকোনো প্রান্ত থেকেই এর অবমাননার বিচার হওয়া উচিত।” যদিও হার্দিকের সমর্থকরা এই অভিযোগকে ভিত্তিহীন ও প্রচার পাওয়ার চেষ্টা বলে মনে করছেন। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে, তবে আইনি প্রক্রিয়ায় হার্দিকের বিরুদ্ধে শেষ পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।