“নিজেকে ‘যিশু খ্রিস্ট’ বলে প্রচার”-হোয়াইট হাউসে হামলা চালানো কে এই নাসিরে বেস্ট?

শনিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা বলয়ে ঘটে যাওয়া বন্দুক হামলার ঘটনায় মৃত ২১ বছর বয়সী তরুণ নাসিরে বেস্টের পরিচয় সামনে আসতেই বাড়ছে রহস্য। মেরিল্যান্ডের বাসিন্দা এই যুবকের অতীত রেকর্ড এবং তার মানসিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে।

কে এই নাসিরে বেস্ট?
তদন্তকারী সংস্থা ও আদালতের নথি বলছে, নাসিরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং নিজেকে ‘যিশু খ্রিস্ট’-এর অবতার বলে দাবি করত। এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করায় তাকে আটক করেছিল সিক্রেট সার্ভিস। ২০২৫ সালের ২৬ জুন সিক্রেট সার্ভিস এজেন্টদের হুমকি দেওয়ার দায়ে তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল এবং আদালত তাকে প্রেসিডেন্টের বাসভবনের ত্রিসীমানায় না আসার নির্দেশ দিয়েছিল। গত বছর ফেব্রুয়ারি এবং অগাস্ট মাসেও নিরাপত্তা রক্ষীরা তাকে হোয়াইট হাউসের কাছাকাছি ঘোরাঘুরি করার সময় ধরেছিলেন।

হামলার মুহূর্ত:
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পেনসিলভেনিয়া অ্যাভেনিউয়ের চেকপয়েন্টের কাছে নাসিরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। নিরাপত্তারক্ষীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে গেলেই সে ব্যাগ থেকে বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এই গুলিবর্ষণের ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হয়েছেন।

আতঙ্ক ও তল্লাশি:
ঘটনার সময় হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সাংবাদিক ও পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কানাডার পর্যটক রিড অ্যাড্রিয়ান জানান, শুরুতে বাজি ফাটছে মনে হলেও পরে গুলির শব্দে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেওয়া হয়। হামলার ঘটনার পর থেকে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। নাসিরে এককভাবে এই হামলা চালিয়েছে, নাকি এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে এফবিআই (FBI) এবং স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy