দিনের শুরুতেই কলকাতার আকাশে কালো মেঘের আনাগোনা দেখে শহরবাসীর মনে বৃষ্টির ক্ষীণ আশা জেগেছিল। তবে বেলা বাড়ার সাথে সাথেই সেই মেঘ কেটে গিয়ে চড়চড় করে রোদ ওঠায় অস্বস্তি ও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম ও অস্বস্তিকর গরম বজায় রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এমন খামখেয়ালিপনা বজায় থাকতে পারে। তবে আপাতত ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৭ মে অর্থাৎ বুধবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।





