মহানায়ক উত্তম কুমারের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল বাংলার শিল্পীদের বিশেষ সম্মাননা জানানো হয়। তবে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মন্তব্যে সিরিয়াল নির্মাতাদের প্রতি এক কড়া বার্তা ফুটে উঠেছে।
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বর্তমান বাংলা সিরিয়ালের প্রবণতা নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, “সিরিয়াল যাঁরা করেন, তাঁদের উদ্দেশ্যে বলব, এখন সারাক্ষণ সিরিয়ালগুলোতে দেখছি—এ ওকে বিষ দিচ্ছে, ও একে বিষ দিচ্ছে। একটা পরিবারের তিনজন ঝগড়া করছে। একটা কেন্দ্রীয় চরিত্র, তো দুটো ঝগড়ুটে চরিত্র। আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে।”
তিনি আরও বলেন, এই ধরনের বিষয়বস্তু সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, বিশেষ করে শিশুদের মধ্যে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।” তিনি সরাসরি সিরিয়াল প্রযোজকদের উদ্দেশ্য করে বলেন, “আজ নয়, তবে সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের আমি বলব, এটা লীনাদিদের হাতে নেই। যাঁরা মালিক, তাঁদের হাতে আছে। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না।”
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন যে, সিরিয়ালকে দীর্ঘায়িত করার জন্য রোজ “গুণ্ডামি” দেখানোর প্রয়োজন নেই। তিনি ভালো ও ইতিবাচক বিষয়বস্তু নিয়ে কাজ করার আহ্বান জানান। “বাড়ান ভালো জিনিস দিয়ে। কত কত সুন্দর বিষয় আছে। হাসিখুশি, মজা, সামাজিক গল্প, এগুলো দেখান। যে গল্প আমার সংস্কৃতিতে ভালবাসে, যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে, আবেগতে জাগ্রত করে সেগুলো দেখান,” বলেন মুখ্যমন্ত্রী।
মহানায়ককে শ্রদ্ধা, শিল্পীদের সম্মান
গতকাল মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এই বিশেষ দিনে তিনি সামাজিক মাধ্যমেও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “মহানায়ক উত্তমকুমার-র মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সিনেমায় ও বাঙালি মননে উত্তমকুমারের অনন্য অবদানকে স্বীকৃতি জানাতে ২০১২ সাল থেকে রাজ্য সরকার ‘মহানায়ক সম্মান পুরস্কার’ চালু করেছে। তিনি জানান, রেলমন্ত্রী থাকাকালীন তিনিই টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পরিবর্তন করে ‘মহানায়ক উত্তমকুমার’ রাখেন এবং তাঁর নামাঙ্কিত উত্তম মঞ্চকেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।
উত্তম কুমারকে “বাঙালির স্বপ্নের মহানায়ক- চিরকালীন ভালোবাসা” আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী তাঁর মৃত্যুদিনে আবারও প্রণাম জানান। তবে, এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য, বিনোদন জগতে নতুন করে আলোচনা শুরু করেছে। এই মন্তব্যের পর সিরিয়াল নির্মাতারা তাঁদের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।





