ভোটার তালিকা নিয়ে মুখোমুখি রাহুল-কমিশন! কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না কি ভুল তথ্য?

বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) তার পূর্বঘোষিত “হাইড্রোজেন বোমা” বিস্ফোরণ করে দাবি করেন, পরিকল্পনা করে ভোটার তালিকা থেকে নির্দিষ্ট কিছু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের দিকে অভিযোগের আঙুল তোলেন। এর প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন রাহুলের অভিযোগকে “ভুল এবং ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে।

রাহুলের অভিযোগের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “অনলাইনে কোনো ভোট মুছে ফেলা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে শুনানির সুযোগ না দিয়ে কোনো বাতিলকরণ করা যায় না।” তিনি আরও বলেন, কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার যে চেষ্টার কথা রাহুল তুলে ধরেছেন, তা কমিশন নিজেই তদন্ত করে দেখেছে। এই বিষয়ে কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছিল এবং সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল বলে তিনি জানান।

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের প্রায় ৬০১৮ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ করেন। তিনি আরও বলেন, মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা কেন্দ্রে অনলাইনে ৬৮৫০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অভিযোগ, আদিবাসী, সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের নাম কেন্দ্রীয়ভাবে তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। তিনি জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে বলেন, “জ্ঞানেশ কুমারজি ভোট চুরিকে রক্ষা করছেন। এই নিয়ে আর কোনো দ্বিধা নেই।”

রাহুলের এই অভিযোগ এবং নির্বাচন কমিশনের পাল্টা জবাব দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy