ভারতের পশ্চিম সীমান্তে আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীদের ডেরায় নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে বড় সাফল্য মিলেছে। গুজরাতের মুন্দ্রা উপকূলে এক যৌথ অভিযানে প্রায় ১,১৫০ কোটি টাকার উচ্চমানের কোকেন উদ্ধার করেছেন ভারতীয় কোস্ট গার্ড এবং গুজরাত এটিএস-এর জওয়ানরা। ধৃত মাদকের পরিমাণ ১১৮ কেজি। বুধবার সরকারিভাবে এই বড় সাফল্যের কথা ঘোষণা করা হয়েছে।
গুজরাত এটিএস-এর গোপন সূত্রে খবর ছিল যে, সমুদ্রপথ ব্যবহার করে ভারতে বড় মাপের মাদকের চালান ঢোকানোর চেষ্টা চলছে। সেই সূত্র ধরে ২৫ ও ২৬ মে-র মধ্যবর্তী রাতে আরব সাগরের বুকে ওত পেতে বসেছিল নিরাপত্তা বাহিনী। মুন্দ্রা উপকূলের অদূরে নোঙর করা ‘এমভি ইউরোপ’ নামক বিদেশি জাহাজটিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
গোয়েন্দাদের মতে, এই জাহাজের যাত্রাপথ অত্যন্ত রহস্যজনক। ব্রাজিল থেকে রওনা দিয়ে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং করাচি বন্দর হয়ে এই কন্টেইনার জাহাজটি ভারতে প্রবেশ করেছিল। তদন্তে নেমে জানা গেছে, এই বিপুল পরিমাণ কোকেন দিল্লির এক তানজানিয়ান ও এক উগান্ডান নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। এই ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি হাই-কমিউনিকেশন স্যাটেলাইট ফোন এবং অ্যাপেল ট্যাগ উদ্ধার করা হয়েছে, যা তদন্তের মোড় ঘোরাতে পারে বলে আশা করা হচ্ছে।
অভিযানের সময় জওয়ানদের দেখে পাচারকারীরা প্রমাণ লোপাটের জন্য অন্ধকার রাতের সুযোগ নিয়ে জাহাজের ওপর থেকে কোকেন বোঝাই ব্যাগ সমুদ্রে ফেলে দিতে শুরু করে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও কোস্ট গার্ডের স্পিডবোট নিয়ে জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫টি ব্যাগ জল থেকে এবং ১টি ব্যাগ জাহাজ থেকে উদ্ধার করে। মোট ৬টি ব্যাগে ভর্তি ১১৮ কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে জাহাজটিকে মুন্দ্রা বন্দরে আটকে রাখা হয়েছে। বিএসএফ, কোস্ট গার্ড, এটিএস এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যৌথভাবে এই করাচি-দিল্লি ড্রাগ রুটের শিকড় উপড়ে ফেলতে তদন্ত চালিয়ে যাচ্ছে। গত ৫ বছরে এটি কোস্ট গার্ড ও এটিএস-এর ১৫তম সফল মাদকবিরোধী অভিযান।





