বাংলাদেশে ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩, ঘটনায় থমথমে পরিবেশ, ১৪৪ ধারা জারি

বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (NCP)-র ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, দফায় দফায় সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় অন্তত ৩ জনের (কোনো কোনো সূত্র মতে ৪ জন) মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র ‘প্রথম আলো’ জানিয়েছে, এই সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে ‘কালের কণ্ঠ’ মৃতের সংখ্যা ৪ বলে উল্লেখ করেছে। ‘প্রথম আলো’-তে প্রকাশিত খবর অনুযায়ী, হামলা ও সংঘর্ষের পর সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এনসিপি অভিযোগ করেছে, এই হামলা ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্যাডাররা চালিয়েছে। তাদের অভিযোগ, পুলিশের সামনেই দুষ্কৃতীরা হামলা চালায় এবং একপর্যায়ে পুলিশ আদালত চত্বরেও প্রবেশ করে।

গোপালগঞ্জের সরকারি হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃতদের নাম দীপ্ত সাহা, রমজান কাজি ও সোহেল মোল্লা। গোপালগঞ্জ হাসপাতালের সুপার জীবীতেশ বিশ্বাস ‘প্রথম আলো’কে জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তাঁরা মারা গিয়েছিলেন এবং তাঁদের শরীরে বুলেটের ক্ষত ছিল। হাসপাতাল সূত্র আরও জানায়, এই ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। যদিও পুলিশের পক্ষ থেকে এই হতাহতের খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার সূত্রপাত হয় বুধবার সকালে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির একটি সভা ছিল। বেলা পৌনে দুটো নাগাদ প্রায় ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে সভাস্থলে হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা মঞ্চ ভাঙচুর করে এবং ব্যানার ছিঁড়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

তবে, বুধবার সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের একটি গাড়িতে হামলা চালানো হয় এবং তিনজন পুলিশকর্মী আক্রান্ত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বৃষ্টি হচ্ছিল। সমাবেশ মঞ্চে এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেই সময় খাল পার থেকে কয়েকশো লোক এসে অতর্কিত হামলা চালায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় এবং বোমাবাজির ঘটনাও ঘটে।

প্রসঙ্গত, গত ১লা জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। কয়েকটি জেলায় এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, বুধবার গোপালগঞ্জে এই কর্মসূচি শুরু হতেই এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে।