পুলিশের চোখে ধুলো দিতে গাড়ির ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে পালানোর চেষ্টা! কিন্তু শেষরক্ষা হল না। শনিবার ভোরে হাওড়ার উলুবেড়িয়ায় একটি গাড়ি থেকে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে আবগারি দপ্তর। উৎসবের মরশুমে চোলাই মদের রমরমা রুখতে আবগারি দপ্তরের লাগাতার অভিযানের মধ্যেই এই সাফল্য এল।
জানা গেছে, আবগারি দপ্তরের কাছে খবর ছিল যে হুগলির বেগমপুর থেকে একটি ছোট চারচাকার গাড়িতে করে চোলাই মদ পাচার করা হচ্ছে। গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকে ওৎ পেতেছিলেন আবগারি দপ্তরের আধিকারিকেরা। ভোর ৪টা ৪৫ মিনিট নাগাদ রানিহাটির দিক থেকে একটি গাড়ি দ্রুত গতিতে আমতার দিকে যাচ্ছিল। আবগারি দপ্তরের কর্মীরা গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।
এরপরই বেলতলা এলাকায় গাড়িটিকে ধাওয়া করে পাকড়াও করেন আবগারি দপ্তরের কর্মীরা। তবে গাড়ির চালক চম্পট দেয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। আবগারি দপ্তরের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত করা গাড়িটির মালিক ও পলাতক চালকের খোঁজ চলছে।
আবগারি দপ্তর সূত্রে খবর, বর্তমানে চোলাই মদের কারবারিরা হাওড়া গ্রামীণ জেলার পরিবর্তে হুগলি জেলা থেকে তাদের ব্যবসা চালাচ্ছে। চোলাই মদের কারবার রুখতে আবগারি দপ্তরের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।





