ট্র্যাকের ধারের দখলদারি রুখতে কড়া পদক্ষেপ, রাতভর উচ্ছেদ অভিযানে সন্তোষপুর স্টেশনে হুলস্থুল

রেলভূমির সুরক্ষা ও যাত্রী পরিষেবা উন্নয়নের লক্ষ্যে ফের কড়া পদক্ষেপ করল পূর্ব রেল। মঙ্গলবার গভীর রাতে সন্তোষপুর স্টেশন চত্বরে এক বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হলো। স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। রাত ১০টা থেকে শুরু হয়ে এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত।

স্টেশন চত্বরে যাতে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশাল পুলিশ বাহিনী ও আরপিএফ মোতায়েন করা হয়েছিল। পুরো স্টেশন চত্বরকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল প্রশাসন। অভিযান শুরু করার আগে প্রথমে ওই অবৈধ দোকানগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর রেলের কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার ও জেসিবি ব্যবহার করে একে একে সমস্ত কাঠামো ভেঙে ফেলা হয়। শুধুমাত্র স্টেশনের বাইরের এলাকা নয়, প্ল্যাটফর্মের উপরে থাকা বেআইনি অস্থায়ী দোকানগুলোও এদিন সরিয়ে দেওয়া হয়েছে। রেল প্রশাসনের দাবি, স্টেশন এলাকা জবরদখলমুক্ত হলে যাত্রী চলাচলের পথ সুগম হবে এবং পরিষেবা উন্নত করা সম্ভব হবে। আগামী দিনে এই ধরনের অভিযান আরও বিভিন্ন স্টেশনে অব্যাহত থাকবে বলে রেল সূত্রে খবর।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy