জ্যান্ত জলপরীর শো দেখতে ভিড়! দক্ষিণ ২৪ পরগনার এই মেলায় মূল আকর্ষণ ইন্দোনেশিয়ান মেরমেড, মিস করবেন না

শীতের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুরু হয়েছে বারুইপুর মিলন মেলার ১৬’তম বর্ষ। বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলবে এই জমজমাট মেলা। এটি শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আকর্ষণ করে।

প্রধান আকর্ষণ ইন্দোনেশিয়ার জলপরীর শো
এইবারের মেলার প্রধান আকর্ষণ হল ইন্দোনেশিয়ার শিল্পী দ্বারা পরিচালিত জ্যান্ত জলপরীর শো (Live Mermaid Show)। জেলার মেলাগুলিতে সাধারণত এমন বিরল শো দেখা যায় না। তাই শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই আন্তর্জাতিক পারফরম্যান্স। জলপরীর এই শো দেখতে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে আট থেকে আশি, সকলেই ছুটে আসছেন।

ডিজনিল্যান্ডের মতো রাইড ও ভিন্ রাজ্যের স্টল
এই মিলন মেলাতে ছোট-বড় মিলিয়ে মোট ১৬টিরও বেশি রাইড রয়েছে। এখানকার সুনামির রাইড, টোরা টোরা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, জাম্পিং ফ্রগ, জাইন্ড হুইল-সহ আরও অনেক রাইড চড়ার সুযোগ পাচ্ছেন বারুইপুরবাসী, যা সাধারণত বড় ডিজনিল্যান্ডে পাওয়া যায়। এছাড়া এই মেলায় এ রাজ্য এবং ভিন রাজ্য মিলিয়ে মোট ৬৬টি স্টল থাকছে কেনাকাটার জন্য।

কেনাকাটার পাশাপাশি ভুরিভোজের ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশের পিঠাপুলি, ঢাকাই পরোটা, বিভিন্ন ধরনের চাটমশলা, এবং গুড়ের জিলাপি সবই মিলছে এই মেলায়। পাশাপাশি বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে শিল্পীরা এসেছেন তাঁদের কাঁথা স্টিচের ডালি নিয়ে। প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে রাত ন’টা পর্যন্ত এই মেলা চলবে। মেলা ঘিরে প্রচুর নিরাপত্তা কর্মী ও সিসিটিভি ক্যামেরা মোতায়েন রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy