এবার স্টেশন ও ট্রেনে রিলস বানালেই কঠোর জরিমানা ও গ্রেপ্তার, কড়া পদক্ষেপ রেলওয়ের

রিলস তৈরির উন্মাদনা এখন তুঙ্গে। বাচ্চা থেকে বুড়ো— সকলেই যেন এই নেশায় বুঁদ। কাজের ফাঁকে বা বাড়িতে যেমন রিলস তৈরি হচ্ছে, তেমনই অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে রেল স্টেশন, এমনকি রেললাইনে নেমেও বিপজ্জনকভাবে রিলস বানাচ্ছেন। এই প্রবণতা ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে। রেল স্টেশন বা ট্রেনের ভেতরে রিলস বানাতে গিয়ে ধরা পড়লে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, এমনকি হতে পারে গ্রেপ্তারও।

কয়েক মাস আগে চেন্নাইয়ের কাছে রিলস বানাতে গিয়ে ১৫ বছর বয়সী এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর সাধারণ মানুষের পক্ষ থেকে রেল স্টেশনগুলিতে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি ওঠে। সেই দাবি মেনেই রেলওয়ে এবার মাঠে নামল। জানা গেছে, তামিলনাড়ুতে রেল স্টেশন এবং ট্রেনে রিলস তৈরি নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ ভিডিও বা রিলস তৈরি করে পোস্ট করেন, তবে ন্যূনতম ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে যে, পাবলিক প্লেসে রিলস তৈরির উন্মাদনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রেল স্টেশন, রেললাইন এবং ট্রেনের কোচে বিপজ্জনকভাবে রিল তৈরি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যার ফলে মানুষ বিপদের তোয়াক্কা না করেই রিলস রেকর্ড করছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে রেল স্টেশন, রেললাইন এবং ট্রেনের কোচে বিপজ্জনকভাবে রিল তৈরি করলে কমপক্ষে ১০০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি, ট্রেন থেকে লাফ দেওয়া বা এই ধরনের ঝুঁকিপূর্ণ ভিডিও করলে সরাসরি গ্রেপ্তার করা হবে।

সাধারণত, রেলওয়ে স্টেশনগুলিতে ভিডিও রেকর্ড করা নিষিদ্ধ হলেও, রিলের উন্মাদনার কারণে অনেকেই এই নিয়ম ভাঙছেন। নিরাপত্তার স্বার্থে রেল স্টেশনগুলিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুলিশ, নিরাপত্তা কর্মী এবং রেলওয়ে স্টেশন ম্যানেজাররা কড়া নজরদারি চালাচ্ছেন। বিশেষ করে, চলন্ত ট্রেনে রিল তোলা, ট্রেন ট্র্যাকে আসার আগে বিপজ্জনকভাবে ভিডিও তৈরি করা, ট্র্যাকের ওপর হাঁটা, লাইক পাওয়ার জন্য ট্র্যাকের ওপর ঘুমানো এবং চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে মুম্বই, দিল্লি এবং উত্তর প্রদেশেও রেল স্টেশনগুলিতে রিলস তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। এই নতুন পদক্ষেপের ফলে রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং বিপজ্জনক রিলস তৈরির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy