দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বহু প্রতীক্ষিত সিনেমা ‘পেদ্দি’ নিয়ে দর্শক মহলে উত্তেজনার পারদ তুঙ্গে। দীর্ঘ টালবাহানা ও মুক্তির তারিখ একাধিকবার পরিবর্তনের পর অবশেষে ছবিটি মুক্তির চূড়ান্ত দৌড়ে। ৩৫০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই স্পোর্টস ড্রামা নিয়ে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে, যা সিনেমাটিকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ‘পেদ্দি’ ছবিটিকে ‘UA 16+’ সার্টিফিকেট প্রদান করেছে। বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্যও নিশ্চিত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিনেমাটির মোট রানটাইম ৩ ঘণ্টা ৯ মিনিট অর্থাৎ ১৮৯ মিনিট। এটি কোনো সংক্ষিপ্ত ছবি নয়, বরং একটি দীর্ঘ ও বিস্তারিত স্পোর্টস ড্রামা, যা দর্শকদের দীর্ঘ সময় ধরে পর্দায় আটকে রাখবে বলে আশা করা হচ্ছে।
মুম্বাইতে ট্রেলার লঞ্চের পর সম্প্রতি ভোপালে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সিনেমাটির মিউজিক লঞ্চ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে রাম চরণের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির পুরো কলাকুশলী। অনুষ্ঠানে কিংবদন্তি সুরকার এ আর রহমান ছবির গানগুলোর লাইভ পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। ট্রেলারটি মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ছবিটিকে শুরুর দিকে আমির খানের ব্লকবাস্টার ছবি ‘লাগান’-এর সঙ্গে তুলনা করা হচ্ছিল। তবে ট্রেলার মুক্তির পর সেই সন্দেহ অনেকটা দূর হয়েছে। নির্মাতারাও স্বীকার করেছেন যে, ‘লাগান’-এর পরিচিত ধাঁচ থেকে বেরিয়ে ‘পেদ্দি’-কে স্বতন্ত্র রূপ দেওয়াটাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।
‘পেদ্দি’ পরিচালনা করছেন বুচি বাবু সানা। ছবিটিতে রাম চরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’-এর অভিনেতা দেবেন্দু শর্মাকে। তাঁর উপস্থিতি ছবিটিতে ভিন্নমাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
রাম চরণের ক্যারিয়ারের জন্য এই ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘আরআরআর’-এর বিশ্বজোড়া সাফল্যের পর তাঁর পরবর্তী ছবিগুলো বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। এমনকি বিগ বাজেট প্রোজেক্ট ‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা অভিনেতার ক্যারিয়ারে বড় ধাক্কা দিয়েছে। তাই বক্স অফিসে এই লড়াইয়ে টিকে থাকা তাঁর জন্য সম্মানের লড়াই। ‘পেদ্দি’-র পাশাপাশি রাম চরণের হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রোজেক্ট। যার মধ্যে অন্যতম হলো পরিচালক সুকুমারের সঙ্গে তাঁর দ্বিতীয় কাজ, যার নাম আপাতত ‘আরসি১৭’ রাখা হয়েছে। ‘রঙ্গস্থলাম’-এর পর ফের এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে থাকা ভক্তরা। এখন দেখার বিষয়, ‘পেদ্দি’ কি পারবে রাম চরণের হারানো গৌরব ফিরিয়ে আনতে?





