বলিউডে একের পর এক মেগাস্টারের ওপর হামলার হুমকির তালিকায় এবার যুক্ত হলো রণবীর সিংয়ের নাম। সম্প্রতি অভিনেতাকে খুনের হুমকি দিয়ে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মায়ানগরীতে। তবে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ হাত গুটিয়ে বসে থাকেনি। তদন্তে নেমে এক উচ্চপদস্থ আধিকারিক এই হুমকির পেছনের রহস্যের জানলা খুলে দিয়েছেন।
আমেরিকান যোগ ও ভয়েস নোট: মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দাবি অনুযায়ী, রণবীর সিংয়ের কাছে একটি ভয়েস নোট পাঠানো হয়েছিল। অবাক করার মতো বিষয় হলো, ওই বার্তাটি পাঠানো হয়েছিল একটি আমেরিকান (+১) নম্বর থেকে। ভয়েস নোটে স্পষ্ট জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যে ১০ কোটি টাকা না দিলে রণবীরকে প্রাণে মেরে ফেলা হবে। পুলিশি তদন্তে দেখা গেছে, বিদেশি নম্বর ব্যবহার করা হলেও এই চক্রের মূল শিকড় ভারতের কোনো এক প্রান্তে বা বিদেশের কোনো কুখ্যাত গ্যাংস্টার গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে পারে।
নিরাপত্তায় কড়াকড়ি: ঘটনার গুরুত্ব বিচার করে রণবীর সিংয়ের নিরাপত্তা এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের একটি বিশেষ দল ওই আমেরিকান নম্বরের আইপি অ্যাড্রেস এবং ভয়েস নোটটির ফরেনসিক পরীক্ষা করছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্রেফ আতঙ্ক ছড়াতে বা টাকা আদায় করতেই এই ডিজিটাল পথ বেছে নেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাং বা অন্য কোনো অপরাধী গোষ্ঠীর হাত এতে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই চিন্তিত রণবীরের অনুরাগী ও তাঁর পরিবার।