ঈদের ছুটিতে ফিরছিল সেনার পরিবার, বগি উড়িয়ে দিয়ে নৃশংস গণহত্যা চালালো বিচ্ছিন্নতাবাদীরা!

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। কোয়েটার চামন পট্টক এলাকায় সেনাসদস্য ও তাঁদের পরিবারকে বহনকারী একটি ট্রেনের ওপর এই হামলা চালানো হয়। ঈদ উদযাপন করতে পেশোয়ারগামী ওই ট্রেনটি রেলওয়ে সিগন্যাল অতিক্রম করার সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গেছে, দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলোর ওপর উদ্ধারকারীরা জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে রেললাইনের ২৫-৩০ মিটার দূরে থাকা গাড়িগুলোও পুড়ে ছাই হয়ে গেছে এবং নিকটস্থ বহুতল ভবনের দেওয়াল ধসে পড়েছে। এই নৃশংস হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের ‘মজিদ ব্রিগেড’ এই আত্মঘাতী হামলার নেতৃত্ব দিয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে স্বায়ত্তশাসন ও সম্পদের অধিকারের দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিএলএ-র এই ধরনের হামলা দেশটিতে বড়সড় নিরাপত্তা সংকট তৈরি করেছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy